দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দল নাগরিক ঐক্য। দলটির পক্ষ থেকে এসব জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এক বিবৃতিতে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার এই দাবি তুলে ধরেন।
বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি রোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা, ঠাকুরগাঁওয়ে লামিয়া আক্তার, মুন্সিগঞ্জে আছিয়া আক্তার এবং ঢাকার মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, একের পর এক নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা সমাজ ও রাষ্ট্রের মানবিক মূল্যবোধকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে নিরাপত্তা জোরদার করা এবং ভুক্তভোগী পরিবারের জন্য আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করা। অপরাধীদের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ে রক্ষা করার সংস্কৃতি বন্ধ করারও আহ্বান জানান তারা।
রিপোর্টারের নাম 






















