ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির পক্ষ থেকে দেওয়া মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি শুরু করেছে। বর্তমান মূল্যস্ফীতির সময়ে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভোক্তারা। তারা এটিকে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পকেট কাটার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন। আইন সংশোধন করে অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিইআরসির প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ভোক্তারা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে তারা এই দাবি উত্থাপন করেন।
শুনানির শুরুতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) লিখিত সুপারিশ তুলে ধরে বিইআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের ভোক্তারা তার পূর্ণ সুবিধা পাচ্ছেন না। তাই বিদ্যুৎ উৎপাদন ব্যয় যৌক্তিকভাবে পুনর্মূল্যায়ন ছাড়া মূল্যবৃদ্ধির এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। ক্যাব আরও উল্লেখ করেছে, বিদ্যুৎ খাতের অদক্ষতা, সিস্টেম লস, বিভিন্ন প্রকল্পের বিলম্ব, অতিরিক্ত ব্যয় এবং ক্যাপাসিটি চার্জের বোঝা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপানো উচিত নয়।
সংস্থাটি সতর্ক করে বলেছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্প, কৃষি, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ে অতিরিক্ত ব্যয় সৃষ্টি করবে, যা শেষ পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইন্ধন জোগাবে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো জনজীবনে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। ক্যাব দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন এবং অপচয় কমিয়ে ব্যয় হ্রাসে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। সংগঠনটি আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, উৎপাদন ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিস্টেম লস ও বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছভাবে পর্যালোচনা করে ভোক্তা-বান্ধব ও বাস্তবসম্মত মূল্যনীতি প্রণয়নের দাবি জানিয়েছে।
একজন বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, “সরকারকে মুনাফাখোর হিসেবে দেখানো যাবে না। এই মুনাফার নামে জনগণের ভোগান্তি বাড়ানো যাবে না।” তিনি বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাব সবার বয়কট করা উচিত বলেও মনে করেন।
রিপোর্টারের নাম 






















