গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড় এলাকায় চালকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে সম্প্রতি উদয় সরকার নামে স্থানীয় এক ব্যক্তি তাদের কাছে মাসিক ভিত্তিতে চাঁদা দাবি শুরু করেন। ছোট অটোরিকশা প্রতি দুই হাজার এবং বড় গাড়ির জন্য চার হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়। এমনকি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বেশ কিছু অটোরিকশার চাবিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী চালকরা জানান, সারাদিন হাড়ভাঙা খাটুনি করে তাদের আয় হয় মাত্র ৪০০ থেকে ৬০০ টাকা। এই সামান্য আয় দিয়ে ঘর ভাড়া এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানোই যেখানে দায়, সেখানে হাজার হাজার টাকা চাঁদা দেওয়া তাদের পক্ষে অসম্ভব। পরিবারের ভরণপোষণের কথা চিন্তা করেই তারা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
সড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চালকরা অবরোধ তুলে নেন। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে বলার পর চালকরা সড়ক থেকে সরে যান এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রিপোর্টারের নাম 






















