বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই পদক্ষেপকে বিচার বিভাগের ওপর ‘চপেটাঘাত’ হিসেবে অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এই উদ্বেগের কথা জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, পৃথক সচিবালয় বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা হয়েছে। এর ফলে জাতীয়ভাবে যে আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছিল, তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সিদ্ধান্ত বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল এবং এতে জনমনে আস্থার সংকট তৈরি হবে।
বক্তারা বিচার বিভাগের স্বাধীনতার দীর্ঘ আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৯৯ সালে মাজদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় উচ্চ আদালতের নির্দেশনায় গত বছর পৃথক সচিবালয় গঠনের অধ্যাদেশ জারি এবং পরবর্তীতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সরকার সেই অধ্যাদেশ বাতিল করায় বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনের পথ আবারও বাধাগ্রস্ত হলো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং একটি স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান জামায়াত নেতারা।
রিপোর্টারের নাম 























