গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে অচলাবস্থা অব্যাহত রয়েছে। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল নিয়োগের পাঁচ দিন পরও আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। এদিকে, গত রবিবার (১৭ মে) ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ব জানান, উপাচার্য নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। তবে ক্যাম্পাসে বর্তমানে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে ডুয়েটে অন্য বিশ্ববিদ্যালয়ের কাউকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলন শুরু করেছে, যা ইসলামী ছাত্রশিবির সমর্থন করছে।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেছেন, তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং আশা করছেন সব ঠিক হয়ে যাবে। তিনি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বকেয়া বেতন, বোনাস, ওভারটাইম পরিশোধের ব্যবস্থা করেছেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি সাধারণ সভার মাধ্যমে সবার সঙ্গে আলোচনা করে ধীরেসুস্থে ক্যাম্পাসে প্রবেশ করবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, গত রবিবার উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থী এবং বহিরাগতদের মধ্যে ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, এতে কমপক্ষে ২৩ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে বলে গাজীপুর সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।
রিপোর্টারের নাম 





















