বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে (কমান্ডার) জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদানের কারণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) নঈম জাহাঙ্গীরের নির্দেশক্রমে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে গৃহীত এই সিদ্ধান্তটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক যুব ও সুধী সমাবেশে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। যোগদান শেষে জসিম উদ্দিন বলেন, আল্লাহর আইন ও কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রিপোর্টারের নাম 























