নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কাউসারের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, কাউসারের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় আরও দুজন মারা গেছেন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে যাদের দগ্ধের পরিমাণ কম ছিল, তাদের মধ্যে ছয় জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) এবং শনিবার সকালে আমির হোসেন (২৫) নামে দুজনের মৃত্যু হয়েছিল। বর্তমানে হাসপাতালে আরও তিন জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ মে দুপুরে সোনারগাঁ উপজেলার জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছিলেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছয় জন বাড়ি ফিরে গেলেও বাকি ছয় জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হলো।
রিপোর্টারের নাম 






















