দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি জাতীয় সমন্বয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আর প্রধান সমন্বয়কের ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) মহাপরিচালক, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের (এনটিএমসি) মহাপরিচালক, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।
কমিটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা প্রদান করবেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা। এছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তাও সহায়তা প্রদানকারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই কমিটি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি, ক্ষেত্র ও পরিধি নির্ধারণ করবে। এছাড়াও, দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা পরিস্থিতি মূল্যায়ন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকির জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এই কমিটি।
রিপোর্টারের নাম 























