কিশোর-কিশোরীদের রোমাঞ্চকর অভিযান আর রহস্যময় এক গুপ্তধনের সন্ধানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’। পরিচালক রাইসুল ইসলাম অনিকের এই সিনেমায় ফুটে উঠবে ইতিহাস, বন্ধুত্ব এবং সাহসিকতার এক অনন্য সমন্বয়। একদল উদ্যমী কিশোর-কিশোরী কীভাবে ইতিহাসের সূত্র ধরে এক ভয়ংকর অভিযানে শামিল হয়, তা-ই এই সিনেমার মূল উপজীব্য।
চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান এবং নুসরাত আফরিন ইয়ুমনাসহ আরও অনেকে। পরিচালক অনিক জানান, দেশের শিশু-কিশোরদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্রের অভাব পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনোদনের পাশাপাশি শিশুদের কল্পনাশক্তি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এই চলচ্চিত্রের মূল উদ্দেশ্য।
মডেল ও অভিনেতা অন্তু করিমের প্রযোজনায় এবং পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটির গল্পও লিখেছেন তিনি। প্রযোজক অন্তু করিম মনে করেন, নতুন প্রজন্মের জন্য বাংলা ভাষায় অনুপ্রেরণামূলক গল্প বলা জরুরি। খুব শীঘ্রই সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে বলে নির্মাতা পক্ষ নিশ্চিত করেছে। উল্লেখ্য, নির্মাতা অনিক এর আগে ‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ চলচ্চিত্র দুটি নির্মাণ করে পরিচিতি পেয়েছেন।
রিপোর্টারের নাম 

























