আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, দেশীয় খামারিদের লালন-পালন করা প্রায় এক কোটিরও বেশি পশু এবার কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই।
সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ভারত থেকে যাতে চোরাই পথে কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার দেশি খামারিদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।
মন্ত্রী আরও উল্লেখ করেন, চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবার পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকার কৃষিবান্ধব হওয়ায় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খামারিরা যাতে কম খরচে উন্নত জাতের ঘাস উৎপাদন ও গবাদিপশু পালন করতে পারেন, সে লক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























