ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’ মুক্তি পেয়েছে। মঙ্গলবার রাতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত করা হয়। সংগীতশিল্পী পান্থ কানাইয়ের কণ্ঠে গানটির চিত্রায়ন করা হয়েছে একটি কারাগারের ভেতরে, যেখানে শাকিব খানকে দেখা গেছে এক বিধ্বস্ত ও যন্ত্রণাকাতর অবস্থায়।
গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত এবং সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব। সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পাওয়ার পর শাকিবের নতুন লুক ও মেদহীন শারীরিক গঠন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে একজন জনপ্রিয় সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে, যার জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে সিনেমার কাহিনী এগিয়েছে।
সান কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। ‘রকস্টার’ সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং মিউজিক পার্টনার হিসেবে রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।
রিপোর্টারের নাম 

























