চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এমন অপকর্মের সাথে জড়িতদের সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি এনামুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো ধরনের সন্ত্রাস বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর একটি আধুনিক হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে শেষ হলে এলাকার কৃষি ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। একইসাথে বন্যার ঝুঁকিও হ্রাস পাবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের কেউ কোনো সালিস-বিচারে অংশ নিতে পারবেন না এবং যেকোনো সমস্যায় সরাসরি তার সাথে যোগাযোগ করতে হবে।
রিপোর্টারের নাম 
























