আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঘরবন্দী’। মহিন খানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মাসুম বাশার, চিত্রলেখা গুহ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা, সেলজুক তারিক আল হাশিমি এবং অনুভব মাহবুব সহ একঝাঁক তারকা শিল্পী। ঢাকার অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে নাটকটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চিত্রলেখা গুহ বলেন, “আমাদের ছেলেকে অনেক শখ করে বিয়ে দেওয়ার পর দেখা গেল যে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। তাদের মধ্যে যেন একটি সুন্দর বোঝাপড়ার সম্পর্ক সৃষ্টি হয়, এই উদ্দেশ্যে তাদের ঘরবন্দী করে রাখা হয়। পরবর্তীতে একসময় তাদের মধ্যে সুন্দর সম্পর্কের সূচনা হয়। নাটকটির মূল বার্তা হলো, ডিভোর্স কোনো সমাধান নয়। ডিভোর্সে না গিয়ে কীভাবে স্বামী-স্ত্রী একসঙ্গে জীবন পার করতে পারে, তার উত্তম পথ খুঁজে বের করতে হবে। মহিনকে ধন্যবাদ এমন সুন্দর গল্পের জন্য।”
তাহমিনা সুলতানা মৌ জানান, অস্ট্রেলিয়ায় দুটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করে দেশে ফিরেই ঈদের কাজের ব্যস্ততায় নিজেকে জড়িয়েছেন। ‘ঘরবন্দী’ নাটকটির গল্প আমাদের চলমান জীবনেরই গল্প। আশা করছেন, প্রচারের পর দর্শকদের এটি ভালো লাগবে। অনুভব মাহবুবও নাটকটির গল্প নিয়ে আশাবাদী এবং নিজের চরিত্রটিও সুন্দর বলে উল্লেখ করেন। পরিচালকসহ পুরো ইউনিটকে এমন একটি ভালো গল্পের নাটক নির্মাণে কষ্ট ও শ্রম দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান।
রিপোর্টারের নাম 

























