আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই ঈদে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘দম’। গত ১৩ মে বেলা ১ টায় চরকির ভেরিফয়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ মে রাত ১২টা থেকে দেশ ও বিদেশের দর্শকরা এই প্ল্যাটফর্মে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এর ফলে যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
‘দম’ সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি। দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি আন্তর্জাতিকভাবেও সাফল্য লাভ করেছে। বিশেষ করে আমেরিকার প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সেখানে দর্শকদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম সপ্তাহে ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহেই তা ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।
প্রযোজনা সংস্থা এসভিএফ আলফা-আই এবং চরকি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প, যা চরকির মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, দর্শকরা ঈদের আনন্দ পরিবারের সাথে ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমার ট্যাগ লাইন হলো ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।
রিপোর্টারের নাম 

























