কুমিল্লা নগরীর আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















