বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোণা জেলার পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্টেশনটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডেপুটি স্পিকার স্টেশনের বিভিন্ন অবকাঠামো এবং চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























