আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম-২০২৬’-এ তিনি একজন আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনটির আয়োজক সংস্থা ‘মে ১৮ ফাউন্ডেশন’, যারা মূলত ১৯৮০ সালের গুয়াংজু গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কাজ করে। এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার ও মেক্সিকোর তরুণ অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক নেতারা অংশ নেবেন। সম্মেলনে সালেহ উদ্দিন সিফাতের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ’। তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
সফরকালে সিফাত দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদও একটি বিশেষ আমন্ত্রণে সেখানে অবস্থান করছেন। সিউলে অনুষ্ঠিতব্য ওই সভায় তারা উভয়েই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























