ঝিনাইদহের কালীগঞ্জের এক নিভৃত পল্লিতে বিশাল একটি বটগাছের ডালে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট, যার নাম ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। মাটির বদলে গাছের ডালে বসে প্রকৃতির নির্মল হাওয়া, সবুজে ঘেরা পরিবেশ এবং পাশে বয়ে চলা পানির ধারা উপভোগ করতে করতে চা, কফি ও পছন্দের নানা খাবার উপভোগের সুযোগ করে দিয়েছে এই অভিনব উদ্যোগ।
উপজেলার ঘোড়দহ গ্রামে অবস্থিত এই রেস্টুরেন্টটি কালীগঞ্জ শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে হলেও, এর আকর্ষণীয় পরিবেশ ইতোমধ্যে কৌতূহলী দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা এখানে ভিড় করছেন নতুন এক অভিজ্ঞতার স্বাদ নিতে। গ্রামের দুই কলেজপড়ুয়া তরুণ কনক হোসেন ও আবির হাসান তাদের সৃজনশীল চিন্তাভাবনা থেকে এই উদ্যোগ নিয়েছেন।
এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা গাছের গায়ে লাগানো সিঁড়ি বেয়ে উপরে উঠে কাঠের তৈরি মাচায় বসেন। সেখান থেকে চারপাশের সবুজ প্রকৃতি, কোকিলের ডাক, পাখিদের কিচিরমিচির আর মৃদু বাতাস মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। ঢাকা থেকে আসা দর্শনার্থী রাকিব হাসান বলেন, “এমন অভিজ্ঞতা আগে কখনো পাইনি। গাছের ওপর বসে চা খাওয়া সত্যিই অসাধারণ। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেছে।” স্থানীয় বাসিন্দা শিউলি খাতুনও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে এলাকার পরিচিতি বাড়ছে।
বিশালাকৃতির বটবৃক্ষের কাণ্ড ও শাখাপ্রশাখায় তৈরি এই মনোরম পরিবেশে বসে প্রশান্তির শ্বাস গ্রহণ ও বিভিন্ন পছন্দের খাবার উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। সরকারি ছুটির দিনে এই রেস্টুরেন্টে মানুষের ভিড় আরও বেড়ে যায়, যা প্রমাণ করে প্রকৃতির সান্নিধ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগের জনপ্রিয়তা।
রিপোর্টারের নাম 
























