সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’-এর ব্যত্যয় ঘটলে ২০১৮ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে যে, কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট, সরকার ও সরকারি দপ্তরের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো পোস্ট করছেন বা শেয়ার করছেন। এই ধরনের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এই পরিস্থিতিতে, যেসব শিক্ষক এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাঁদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকুরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের শামিল বলে বিবেচিত হবে।
রিপোর্টারের নাম 



















