রাজধানীর কদমতলীর একটি ফোম তৈরির কারখানায় বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় বৈদ্যুতিক গোলযোগ ছিল এবং বিদ্যুৎকর্মীরা ত্রুটি মেরামতের পর পুনরায় সংযোগ দিলে কারখানার ভেতরে থাকা সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, তারা সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুনের খবর পান এবং তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মূল রাস্তা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে হওয়ায় এবং ফোম ও টায়ারের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, আগুনের চারদিকে ব্যারিকেড তৈরি করে এবং পাশের পুকুর থেকে পানি ব্যবহার করে আশপাশের দোকান ও আবাসিক ভবনে আগুন ছড়াতে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, পাশাপাশি দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। একটি ভবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও অন্য ভবনের টিনগুলো পুড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। এই কারখানায় পরিত্যক্ত ফোম রিসাইক্লিং করে ম্যাট্রেস তৈরি করা হতো এবং সেখানে ম্যাট্রেসের জন্য আমদানি করা কাপড় ও টায়ার জাতীয় জিনিসপত্রও ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে।
রিপোর্টারের নাম 























