প্রশ্নফাঁসবিরোধী চলমান আন্দোলনে বলিউড সুপারস্টার সালমান খান শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। তিনি আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং প্রশ্নফাঁসকে একটি অত্যন্ত গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করে এটিকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
বুধবার, সালমান খান ইনস্টাগ্রামে তার স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করেন। তিনি লেখেন, ‘শিক্ষার প্রতি এই প্রজন্মের আগ্রহ ও অঙ্গীকার একদিন ভারতকে গর্বিত করবে।’ তিনি আরও জানান যে প্রশ্নফাঁসের বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং এই আন্দোলনের কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই প্রাপ্য।
সালমান খান বলেন, ‘প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সমস্যা। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব শুধু আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি বিশ্বাস করি, সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সবারই লাভ হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।’
তিনি আশা প্রকাশ করেন যে দেশে শিক্ষাকে এমন একটি ইতিবাচক ‘ট্রেন্ড’ বা সংস্কৃতিতে পরিণত করা উচিত, যাতে ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসতে আগ্রহী হয়। উল্লেখ্য, এর আগেও বলিউডের একাধিক তারকা, যেমন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ, এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















