মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৮ মে) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট শুরু হতে চলেছে। প্রথম টেস্টের আগে, পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল সম্পর্কে সমীহ প্রকাশ করেছেন। বিশেষ করে দুই বছর আগে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের কথা স্মরণ করে তিনি সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
শান মাসুদ বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছিল, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন- তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল— তখনও তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে খেলাটি যে চ্যালেঞ্জিং হবে, তা উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একইসঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো দৃষ্টিটাই বাংলাদেশ সিরিজে।’
পাকিস্তানের পেস বোলিং ভালো নাকি বাংলাদেশের— এই প্রশ্নের উত্তরে শান মাসুদ বলেন, ‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী, আমি এ পর্যন্ত যা দেখেছি; সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনও তুলনায় যাবো না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’
পাকিস্তান অধিনায়ক নিজেদের ওপর আস্থা রাখতে চান। তিনি বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি, যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি। এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) ১০ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।’
রিপোর্টারের নাম 
























