জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের আগে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করার জন্য জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচন কমিশনে (ইসি) যে আবেদন করেছিলেন, তা নামঞ্জুর করা হয়েছে। তবে, তিনি এতে দমে না গিয়ে পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন করেছেন।
বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সম্প্রতি হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাঁর জাতীয় পরিচয়পত্রে নামের আগে ‘অ্যাডভোকেট’ যুক্ত করার জন্য আবেদন করেন। তবে, অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় নির্বাচন কমিশন তাঁর আবেদন মঞ্জুর করেনি। পরবর্তীতে তিনি পুনর্বিবেচনার আবেদন জানালে, কমিশন এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আদালতের আদেশ থাকার কারণে বিচারপতিদের নামের আগে পদবি যুক্ত করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের নামও এনআইডির একটি অংশে রাখা হয়। তবে, ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, নামের শুরুতে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’, ‘অ্যাডভোকেট’ ইত্যাদি কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধনের সুযোগ নেই।
রিপোর্টারের নাম 






















