ফরিদপুরের বোয়ালমারীতে নানাবাড়িতে বাঁশের মাচা থেকে পড়ে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়িতে মা সনিয়া বেগম তার শিশু কন্যা ইলমাকে নিয়ে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে রেখে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে অসাবধানতাবশত শিশুটি বাঁশের তৈরি মাচা থেকে নিচে পড়ে যায় এবং শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায়, মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























