মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সৌদি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী সম্পর্ক আরও জোরদার করার উপায়গুলো পর্যালোচনার পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর লেবানন বিষয়ক উপদেষ্টা প্রিন্স ইয়াজিদ বিন ফারহানও উপস্থিত ছিলেন।
বিশেষ করে লেবাননের বর্তমান রাজনৈতিক ও সামরিক সংকট নিরসনে সৌদি আরব ও ফ্রান্স দীর্ঘদিন ধরে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। ইরান-ইসরাইল উত্তেজনা এবং লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর চলমান সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনেই মূলত এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, সম্প্রতি লেবাননে ইসরাইলি সামরিক অভিযান এবং হিজবুল্লাহর পাল্টা রকেট হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ও সৌদির এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























