সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে আখ্যায়িত করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা বিএনপি-জামায়াত জাতীয় সংসদে ‘পিঁপড়ার বলের মতো’ দলাপাকিয়ে থাকতে চাই। আমরা সবাই মিলে দেশটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেই দায়িত্ব নিয়েই এখানে বসেছি। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ তার বক্তব্যে বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের ঐক্যের কথা তুলে ধরেন এবং ফ্যাসিস্ট সরকারের সঙ্গে তাদের একযোগে পথচলার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন। বিগত সরকারের আমলের সংসদের কার্যক্রমের কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে এই সংসদে প্রায়শই জামায়াত-বিএনপিকে একসাথে আক্রমণ করা হতো এবং ‘৭১-এর রাজাকার’ বলে স্লোগান দেওয়া হতো। এমনকি ‘তুই রাজাকার’ শিরোনামে পত্রিকায় খবরও প্রকাশিত হতো। এমন পরিস্থিতিতেও তারা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছেন।
বিপদ থেকে বাঁচতে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে চিফ হুইপ বলেন, যেমন পানি এলে পিঁপড়ার দল একত্রিত হয়ে একটি বলের আকার ধারণ করে এবং একে অপরের সাহায্যে বেঁচে থাকে, তেমনি আজকের জাতীয় সংসদও সেই পিঁপড়ার বলের মতো। আমরা কেউ মরতে চাই না, আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে। দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়েই আমরা এখানে বসেছি।
রিপোর্টারের নাম 




















