ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে একটি হাসপাতালের সীমানা দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার বেঙ্গালুরুর বাউরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় আট ফুট উঁচু একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতে থাকা চারজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। এই ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেয়ালটি হঠাৎ ধসে পড়ায় পথচারীরা সরে যাওয়ার সুযোগ পাননি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ঘটনাটিকে অত্যন্ত ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























