মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতের জেরে বিশ্ব বাণিজ্যের প্রধান রুটগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে। তথ্যমতে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ এই জলপথ ব্যবহার করেছে, যা বৈশ্বিক বাণিজ্যের গতিপথ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিষয়ক প্রধান ভিক্টর ভিয়াল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি যতদিন বজায় থাকবে, ততোদিন এই বিকল্প রুট ব্যবহারের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অনেক জাহাজ তাদের গন্তব্য ও পণ্য সংগ্রহের উৎস পরিবর্তন করে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে যেন বিপজ্জনক জলপথগুলো এড়িয়ে চলা যায়। এতে করে পানামা খালের ওপর যেমন চাপ বেড়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে পণ্য পরিবহনের সময়ও।
তবে বিকল্প এই রুট ব্যবহারে জাহাজগুলোকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। সাধারণ ফি ছাড়াও দ্রুত পারাপারের জন্য কিছু জাহাজকে অতিরিক্ত ৪ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিবহন ব্যয়ের এই ঊর্ধ্বগতি শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
রিপোর্টারের নাম 
























