সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে হুমকি দেওয়া এবং তার ব্যক্তিগত নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (২৫), যার বাড়ি জকিগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্তকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের হাতে তুলে দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থী সেমিস্টারের প্রেজেন্টেশন পেপার প্রিন্ট করার জন্য মদিনা মার্কেটের হক ম্যানশনে অবস্থিত একটি দোকানে যান। সেখানে প্রতি পৃষ্ঠা ৩০ টাকা করে প্রিন্টের অর্ডার করেন তিনি। কাজ শেষে দোকানের কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে শিক্ষার্থীর সঙ্গে বাদানুবাদ হয়। একপর্যায়ে শিক্ষার্থী ৫০০ টাকা দিয়ে সেখান থেকে চলে আসেন।
পরবর্তীতে ওই কর্মচারী ফোন করে আরও টাকা দাবি করেন এবং টাকা না দিলে মদিনা মার্কেট এলাকায় দেখে নেওয়ার হুমকি দেন। অভিযোগ রয়েছে, এরপর ওই কর্মচারী হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে ভুক্তভোগী শিক্ষার্থীর মোবাইল নম্বর ছড়িয়ে দেন। এর ফলে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অচেনা ব্যক্তিরা ফোন ও মেসেজ দিয়ে ওই শিক্ষার্থীকে বিরক্ত করে আসছিল, যেখানে অসামাজিক কথাবার্তা ও অনৈতিক কাজের প্রস্তাবও ছিল।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পরিপ্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক সাগর মদিনা মার্কেটে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাদমিম হাসান সিফাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে এবং এ কারণে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হাবিব বলেন, একজন নারী শিক্ষার্থীকে মুঠোফোনে হেনস্তা ও তার নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 



















