কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রাস্তা পার হওয়ার সময় এনজিওর গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ক্যাম্পের বাসিন্দা মৌলভী আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত একটি দ্রুতগামী গাড়ি ক্যাম্পের অভ্যন্তরীণ সড়ক দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পের উত্তেজিত রোহিঙ্গারা ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএম-এর গাড়িটি ভাঙচুর করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তানজিমার খোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশের পাশাপাশি উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























