ভারতের বিমান চলাচল শিল্প এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়েছে। দেশটির বিমান বাজারের প্রায় ৯৫ শতাংশ নিয়ন্ত্রণকারী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট – এই তিন বৃহৎ প্রতিষ্ঠান সরকারকে সতর্ক করে জানিয়েছে যে, জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং আকাশসীমা ব্যবহারের উপর বিভিন্ন বিধিনিষেধের কারণে তাদের কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান চলাচল বাজার ভারতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর পাশাপাশি, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় বহু গুণ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দীর্ঘপাল্লার রুটে।
এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় এয়ারলাইনসগুলো এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা বিমান জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। উল্লেখ্য, একটি এয়ারলাইনসের মোট পরিচালনা ব্যয়ের প্রায় ৪০ শতাংশই জ্বালানি খাতে ব্যয় হয়। ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইনস (এফআইএ) দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের ক্ষেত্রে জ্বালানি মূল্যের একটি বিশেষ ব্যবস্থা চালুর অনুরোধ করেছে।
রিপোর্টারের নাম 























