টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে এফিডেভিট করে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তাদের জন্য স্থানীয় মসজিদে দোয়াও করা হয়েছে।
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পরিবারের অন্য সদস্যরা তাদের স্ত্রী-সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা অন্যের গোয়ালঘরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ্বাস (৩০) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ধর্মান্তরিত হন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আলী, স্ত্রী বেবী রাণীর নাম হয় ফাতেমা বেগম (২৭), তাদের সন্তানদের নাম পরিবর্তন করে রাখা হয় আসমাউল হুসনা আছমা খাতুন (প্রিয়াংষ্কা রানী), মোহাম্মদ হুসাইন (সূর্য বিশ্বাস) এবং মোহাম্মদ হাসান আলী (জীবন)।
মোহাম্মদ আলী জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ ছিল। বিয়ের পর বিষয়টি স্ত্রীকে জানালে তিনিও সমর্থন দেন। দীর্ঘদিন ধরে ইসলামী রীতিনীতি পর্যবেক্ষণ করে এবং আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ধর্মান্তরিত হন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে তারা একেক দিন একেক জায়গায় আশ্রয় নিচ্ছেন এবং সম্প্রতি এক প্রতিবেশীর পরিত্যক্ত গোয়ালঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন জানান, মোহাম্মদ আলী ও তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করায় ঘরছাড়া হয়েছেন। তিনি নওমুসলিমদের জন্য গৃহনির্মাণসহ সার্বিক সহযোগিতায় স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী জানিয়েছেন, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে এবং তাদের সন্তানদের লেখাপড়াসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























