জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শিল্প ও বাণিজ্য সেল সম্প্রতি দেশের ব্যবসা খাতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে। ‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য’ শীর্ষক এই আলোচনা সভাটি শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব জনাব আখতার হোসেন। এছাড়াও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্’র সঞ্চালনায় এফবিসিসিআই ও বিজেএমইএ নেতারা এবং আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন এবং আলোচনার শুরুতে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল মূল আলোচ্য বিষয়ের উপর একটি ধারণা পত্র উপস্থাপন করেন। এই আয়োজনের মূল দায়িত্বে ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির দুই নেতা আনোয়ার জাহান আকাশ ও মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন ব্যবসায়ীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তাদের মূল্যবান মতামত এনসিপির অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে, বিএনপি সরকার সমস্ত সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করেছে এবং এর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আবদুল্লাহ আল আমিনসহ অন্যান্য বক্তারা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তাৎক্ষণিক সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের ওপর জোর দেন। তারা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, ব্যাংক খাতে ঋণখেলাপিদের ফিরিয়ে আনা এবং রাজস্ব খাতের পুরোনো ব্যবস্থার সমালোচনা করেন।
ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট মাথায় রেখে কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 
























