ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে আধিপত্য বিস্তারের লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে যে সংঘাত চলছে, তা শিক্ষাঙ্গণের পরিবেশকে কলুষিত করছে। তিনি ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তির প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের এই নোংরা প্রতিযোগিতাকে ছাত্রসমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন।
তিনি বলেন, একসময় যে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, আজ সেই শক্তিকে ভিন্ন খাতে প্রবাহিত করে ক্যাম্পাসে দখল ও ভীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিত করতে সকল সন্ত্রাসীকে ‘না’ বলার আহ্বান জানান তিনি।
শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সন্ত্রাসবিরোধী পদযাত্রা পূর্ববর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জাতির বিবেক গঠনের কারখানা, যেখান থেকে আগামী দিনের নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতার বিকাশ ঘটে। কিন্তু দুঃখজনকভাবে, আজ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গণে জ্ঞানচর্চার পরিবর্তে অস্ত্রের ঝনঝনানি, ভয়ভীতি ও সহিংসতার সংস্কৃতি বিরাজ করছে। ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে শিক্ষার কেন্দ্র থেকে সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত করার অপচেষ্টা চলছে।
শিক্ষাঙ্গণকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও জ্ঞানচর্চার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা আপসহীন অবস্থান বজায় রাখবে এবং প্রয়োজনে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে। সন্ত্রাসবিরোধী পদযাত্রা থেকে নেতারা অবিলম্বে শিক্ষাঙ্গণ থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তারা সকল ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ, সহনশীল, সহাবস্থান পূর্ণ, কল্যাণমুখী ছাত্র রাজনীতি চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। সন্ত্রাসবিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার দেশব্যাপী সকল ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন নেতারা।
রিপোর্টারের নাম 




















