কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল এবং সরকারি গাছ কাটার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দিনকে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার বিকেলে নরসুন্দা নদী এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করছিলেন। এছাড়াও, নদীর পাড়ে থাকা প্রায় ১০ থেকে ১৫টি ফলজ ও বনজ সরকারি গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, মাহতাব উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে নদী দখল ও গাছ কেটে আসছিলেন। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 





















