রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়াল চিত্রের পাশে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ফটোসেশনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের এই দেয়াল লিখনের সামনে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছবি তোলেন।
এ বিষয়ে ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম দাবি করেন, ছাত্রশিবির কখনো গুপ্ত রাজনীতি করে না। তিনি বলেন, ‘আমরা ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোল টেবিল বৈঠক, নববর্ষ প্রদর্শনী উৎসবসহ বিভিন্ন প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের নেতা-কর্মীরা ওপেনলি উপস্থিত ছিলেন।’ তিনি আরও বলেন, ‘যারা গত ১৭ বছর ধরে গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন গুপ্ত শব্দটি ব্যবহার করছে। ছাত্রশিবির তো কখনো গুপ্ত ছিল না। আমাদের কোনো নেতাকর্মী লন্ডনে পালিয়ে ছিল না।’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, তারা চা খেতে যাওয়ার সময় দেয়াল লিপিটি দেখতে পান এবং ছাত্রদলের দাবির সঙ্গে একমত পোষণ করে ছবি তোলেন। তিনি বলেন, ‘এদেশে গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। দেশে থেকে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘যারা কোনো বিপদ দেখলে লন্ডনে পালিয়ে যায়, বাংলাদেশের মানুষ আর তাদের গুপ্ত রাজনীতি চায় না।’
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। পরবর্তীতে বুধবার সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করে তারা।
রিপোর্টারের নাম 





















