রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দলীয় টেন্ট থেকে তারা এই কার্যক্রম শুরু করেন। জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে লাল কালিতে প্রতিবাদী স্লোগান লেখেন সংগঠনের নেতা-কর্মীরা।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ওপর যেকোনো হামলা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো আজও শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার। তিনি আরও দাবি করেন, ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন তাদের স্বচ্ছ আদর্শ নিয়ে কাজ করবে, কিন্তু কোনো ধরনের অপসংস্কৃতি বা দেশবিরোধী ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না।
অন্যদিকে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, ছাত্রশিবির একটি স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ইসলামের দোহাই দিয়ে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান নেই। মূলত চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























