কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরভবনের সামনের একটি ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। সে লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন এবং কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিনথিয়ার মা পরিবারসহ লাকসাম পৌরভবনের সামনে চাচা-ভাতিজা ভবনের চারতলায় ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় সিনথিয়া বান্ধবীদের সাথে কথা বলে সময় নষ্ট করায় তার মা তাকে বকাঝকা করেন। এই ঘটনায় অভিমান করে সিনথিয়া নিজের শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সিনথিয়ার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটার ৮-১০টি চিহ্ন পাওয়া গেছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 



















