বাংলাদেশ থেকে সুগন্ধি চাল, আম ও কাঁঠালের মতো কৃষিপণ্য আমদানিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ব্রুনাই। রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হারিস বিন ওসমান এই তথ্য জানান। একইসঙ্গে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ‘ব্রুনাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠনের আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। তবে দীর্ঘমেয়াদি নীতিমালার অভাব ও বাণিজ্যিক নীতির পরিবর্তনের আশঙ্কা বিনিয়োগকারীদের কিছুটা চিন্তিত করে। একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে ব্রুনাই থেকে সরাসরি বড় ধরনের বিনিয়োগ আসার সুযোগ তৈরি হবে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পণ্য সরবরাহে সহায়ক হবে।
কৃষি ও বাণিজ্যের পাশাপাশি শিক্ষা খাতেও সহযোগিতার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি জানান, ব্রুনাইয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে। তবে বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও দ্বৈত কর পরিহার সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি দ্রুত কার্যকর করা প্রয়োজন বলে তিনি মত দেন।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের বাণিজ্যিক মেলার পরিকল্পনাগুলো বিশ্বজুড়ে আরও কার্যকরভাবে প্রচার করা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।
রিপোর্টারের নাম 






















