হজগামী ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউনাইটেড হেলথকেয়ারের আওতাধীন প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। হজযাত্রীদের বিমানবন্দরেই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
রাজধানীর ১০০ ফিটের মাদানী এভিনিউতে অবস্থিত এই হাসপাতালের উদ্যোগে স্থাপিত স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীরা বিমানবন্দর এলাকা থেকেই সরাসরি চিকিৎসা সহায়তা নিতে পারবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হবে।
ফ্লাইটে ওঠার আগে যাত্রীরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করার সুযোগ পাবেন, যা নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে দীর্ঘ ভ্রমণের আগে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আগামী ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হওয়ার দিন থেকে শেষ ফ্লাইট পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। এর ফলে যাত্রীরা যেকোনো সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিতে পারবেন। মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















