বিদেশী বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) আয়োজনে এবং নাটমেগের ব্যবস্থাপনায় ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আগামী ২৪ এপ্রিল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়ন, নীতিনির্ধারণী সহায়তা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগকে এগিয়ে নিতে এফআইসিসিআই কাজ করে যাচ্ছে।
২০২৫ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার এই ফুটবল টুর্নামেন্টে ২০টি শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গুলশানে এফআইসিসিআই সেক্রেটারিয়েটে ক্যাপ্টেন ও ম্যানেজারদের একটি সভার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে বিভিন্ন দলের অধিনায়ক, ম্যানেজার, স্পন্সর, আয়োজক এবং শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির, নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, রবি আজিয়াটা পিএলসি-এর পরিচালক মোহাম্মদ মইন উদ্দিন রিয়াদ, সিঙ্গার-বেকোর ব্যবস্থাপক নাজমুস সাকিব, ব্যাকপেজ পিআর-এর পরিচালক সাব্বির ফেরদৌস এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড-এর ট্রেড মার্কেটিং স্পেশালিস্ট মেজবাহ উল ইসলাম উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে মোট ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত নাটমেগ ফিল্ড, মাদানী অ্যাভিনিউ, ঢাকায় টানা ১৬টি ম্যাচ ডে জুড়ে এই খেলাগুলো চলবে। প্রথমে গ্রুপ পর্ব দিয়ে শুরু হয়ে পরে নকআউট পর্বে প্রতিযোগিতা গড়াবে। এতে কাপ ও প্লেট – এই দুটি সেগমেন্ট থাকছে। গত আসরে ফুডপান্ডা কাপ চ্যাম্পিয়ন এবং ডিএইচএল রানার-আপ হয়েছিল। প্লেট শিরোপা জিতেছিল আমান বাংলাদেশ ও রানার-আপ ছিল গ্রামীণফোন। এবারের টুর্নামেন্টে টাইটেল স্পন্সর অ্যাক্সেনটেক, কো-স্পন্সর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট এবং পিআর পার্টনার ব্যাকপেজ পিআর। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
রিপোর্টারের নাম 

























