রাজধানীর গুলশান থানায় বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা আইনে দায়ের করা একটি মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দাখিল করা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, আসামি সেলিম প্রধান বিগত সরকারের একজন সক্রিয় নেতা ও অর্থের যোগানদাতা। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর এবং সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি ও আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
পরে আদালতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেলিম প্রধানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশান থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ভিকটিম তৌহিদ মিয়া। পরবর্তীতে তিনি বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
রিপোর্টারের নাম 
























