মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর বঙ্গোপসাগরে এর মাঝারি অবস্থানের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত দুইদিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে এই জলাবদ্ধতার ফলে সৃষ্ট যানজটে সাধারণ নাগরিক ও এইচএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরও শক্তিশালী হয়ে আগামী বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝরাতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাতের প্রবণতা পূর্ব-দক্ষিণাঞ্চল থেকে কমে মধ্য-উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে। এর ফলে সিলেট-চট্টগ্রামের দিকে বৃষ্টি কমে ঢাকা-ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের দিকে বৃষ্টি বেশি হচ্ছে। আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও, আগামী বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, দেশের মধ্য উত্তর-পশ্চিমাঞ্চলসহ ঢাকায় আরও দুই-এক দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর ২-৩ দিন বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও আবারও ১৮-১৯ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। এবারের বৃষ্টিপাতকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলছেন, স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি নাজুক হচ্ছে।
টানা বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোর অধিকাংশ সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, পুরান ঢাকা, বংশাল, নিউমার্কেট, কাকরাইল, নয়াপল্টন ও মতিঝিলমুখী সড়কে তীব্র জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়ক, বনানী-কাকলী এক্সপ্রেসওয়ের র্যাম্প এবং ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনের ইসিবি চত্বর এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
রিপোর্টারের নাম 





















