রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ, ১৮ এপ্রিল, জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শুক্রবার, ১৭ এপ্রিল দিবাগত রাতে ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আয়োজকরা ধারণা করছেন যে অ্যাশেজ এলে বিপুল সংখ্যক মানুষ সমবেত হবে, যা উন্মুক্ত মঞ্চ এবং তুলনামূলক ছোট জায়গার কারণে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এ কারণে এবং সম্ভাব্য ট্রাফিক অব্যবস্থাপনার কথা বিবেচনা করে প্রশাসনও কনসার্টটি আয়োজনে অসম্মতি জানিয়েছে। ভক্তদের উদ্দেশে জুনায়েদ ইভান লেখেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও-কোনো উত্তাল সমুদ্র রাতে।’
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে শুক্রবার, ১৭ এপ্রিল পর্যন্ত অ্যাশেজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে। আগামী জুনে ব্যান্ডটির ইতালি ও ফ্রান্সের প্যারিসে পারফর্ম করার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 



















