ইরানের সঙ্গে চলমান পরমাণু ইস্যুতে বড় ধরনের কূটনৈতিক সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের মতপার্থক্য এখনো স্পষ্ট। ট্রাম্প দাবি করেছেন যে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘নিউক্লিয়ার ডাস্ট’ হস্তান্তরে রাজি হয়েছে এবং যুক্তরাষ্ট্র তা নিজেদের হেফাজতে নিয়ে আসবে।
ট্রাম্প আরও জানিয়েছেন, ইউরেনিয়াম হস্তান্তরের বিনিময়ে ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন আশাবাদকে অকালপক্ক বলে মনে করছেন অনেকে। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ট্রাম্পের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে পুনরায় সংঘাত শুরু হতে পারে। ফলে আগামী দিনগুলো এই অঞ্চলের কূটনীতি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 


















