হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকটের কারণে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় তেল রপ্তানি শুরু করেছে ইরাক। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় তেল টার্মিনাল থেকে একটি বিশাল ট্যাংকারে অপরিশোধিত তেল লোডিংয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাল্টার পতাকাবাহী ‘আজিওস ফানুরিওস ১’ নামক জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল বসরা ক্রুড তেল নিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে।
ভূ-রাজনৈতিক উত্তজনার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাকের তেল রপ্তানি স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক উত্তেজনা প্রশমনের পর বুধবার জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করতে সক্ষম হয়। এটি গত কয়েক দিনের মধ্যে প্রণালীটি অতিক্রম করার দ্বিতীয় সফল প্রচেষ্টা।
ইরাকের জ্বালানি খাতের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে আরও একটি বড় ট্যাংকার দক্ষিণাঞ্চলীয় বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 


















