গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। এই লক্ষ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটিতে ইতোমধ্যে ৭৫ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন।
লেবার পার্টির এমপি রিচার্ড বার্গন এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার সময় এসেছে। এই প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন, স্কটিশ ন্যাশনাল পার্টির মুখপাত্র ব্রেন্ডন ও’হারা এবং যুক্তরাজ্যের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান।
উত্থাপিত এই প্রস্তাবে গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক সংকট এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ব্রিটিশ এমপিদের এই সম্মিলিত অবস্থান মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 


















