রাজধানীর ব্যস্ততম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে আমূল পরিবর্তন এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা আর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের জন্য এলাকাটিকে এখন নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। দৃষ্টিনন্দন ফুলের টব, হরেক রকমের গাছ এবং দেয়ালে আঁকা বৈচিত্র্যময় গ্রাফিতিতে এখন পুরো এলাকার চিত্র বদলে গেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এই সৌন্দর্যবর্ধন ও দখলমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক প্রশান্তি দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
হকারদের পুনর্বাসন প্রসঙ্গে প্রশাসক জানান, যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তবে মানবিক দিক বিবেচনা করে হকার ও রিকশাচালকদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সিটি কর্পোরেশনের লাইসেন্স গ্রহণ সাপেক্ষে নির্দিষ্ট সময় ও স্থানে সীমিত পরিসরে ব্যবসার অনুমতি দেওয়া হতে পারে। এছাড়া ভবিষ্যতে ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে ডিএসসিসির।
বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে বাস্তবায়িত এই পাইলট প্রকল্পে মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় ৫৫০টি ফুলের টব বসানো হয়েছে এবং ৬৫০টি গাছ রোপণ করা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের বসার জন্য ৫০টি আসন এবং পাহাড়ের আদলে দুটি বিশেষ স্থাপনা নির্মাণের কাজ চলমান রয়েছে। সফলতার ওপর ভিত্তি করে এই মডেল দক্ষিণ সিটির অন্যান্য এলাকাতেও কার্যকর করা হবে বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 






















