ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বেলা ১১টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি লাভ করেন। কারাগারের জেলার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ এপ্রিল বাউল আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। সোমবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবুল হোসেন বলেন, ‘সকালে আমাদের কাছে জামিনের কাগজপত্র আসে। যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার ওই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। পরে ঘিওর থানায় এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
রিপোর্টারের নাম 

























