গাইবান্ধার সাঘাটায় রাতের আঁধারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের আছির উদ্দিন (৫৭), শাহ আলম (৪৭), রব্বানী মিয়া (৩৫), শহিদুল ইসলাম (৫৫), হারুন মিয়া (৪৫) এবং সরোয়ার হোসেন (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
























